জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আজ বুধবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হোসেন দেওয়ান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ১৪ জন। আহত ব্যক্তিদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনেবাদ গ্রামের দেড় একর জমি নিয়ে স্থানীয় মমিন দেওয়ান ও ছালাম হাওলাদার এবং তাঁদের অংশীদারদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকাল নয়টার দিকে মমিন দেওয়ান তাঁর লোকজন নিয়ে ওই জমিতে চাষাবাদ করতে যান। তখন প্রতিপক্ষ ছালাম হাওলাদারের লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা এ সংঘর্ষ চলে। এতে মমিনের পক্ষের হোসেন মারা যান। আহত হন উভয় পক্ষের ১৪ জন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ছালামের পক্ষের তিনজনকে আটক করেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহত হোসেনের মরদেহ পটুয়াখালী আড়াই শ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।