জমি নিয়ে বিরোেধ দুটি গাছ কেটে ফেলল প্রতিপক্ষ
জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুরে দুটি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। উপজেলার সাহাপুর গ্রামে গতকাল বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
কাটা গাছগুলোর মালিক হলেন শহরের চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রামাণিক ও রজব আলী সরকার। তাঁদের অভিযোগ, প্রতিবেশী আবদুর রহমান ও তাঁর ছেলে রফিকুল ইসলাম এসব গাছ কেটেছেন। তাঁরা দাবি করেন, এসব গাছের দাম প্রায় তিন লাখ টাকা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে আবদুর রহমান ও তাঁর ছেলের নেতৃত্বে একদল শ্রমিক একটি নারকেল ও একটি তালগাছ কেটে ফেলেন। এ ছাড়া আরও দুটি নারকেলগাছের ক্ষতিসাধন করেন।
তবে আবদুর রহমান দাবি করেন, তাঁদের মালিকানাধীন জায়গাতেই গাছগুলো বড় হয়েছে। নিজেদের প্রয়োজনেই সেগুলো কাটা হয়েছে। গিয়াস উদ্দিন ও রজব আলী সরকার প্রভাব খাটিয়ে জায়গা ও গাছের মালিকানা দাবি করছেন।
গিয়াস উদ্দিন বলেন, আবদুর রহমান ও তাঁদের আত্মীয়স্বজনের কাছ থেকে তাঁরা প্রায় ১০ বছর আগে কয়েক বিঘা জায়গা কিনে চাতাল-ব্যবসা শুরু করেন। আট শতক জায়গাজুড়ে গাছ থাকায় সেখানে চাতাল করা হয়নি।