জমি নিয়ে বিরোধ, চাচার হামলায় যুবক নিহত
জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির মনোহরপুর গ্রামের আলমগীর ওরফে আলম (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি ওই গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
নিহত আলমগীরের ভাই আবদুল করিম (১৯) অভিযোগ করেন, বসতভিটা নিয়ে চাচা মো. এনামুলের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে জমি মাপজোখের একপর্যায়ে আলমগীরের সঙ্গে চাচা এনামুলের কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে আলমগীরকে লাঠি দিয়ে পেটান। এতে গুরুতর আহত এনামুলকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সন্ধ্যায় তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান আবদুল করিম।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী রাত আটটার দিকে বলেন, ‘এখন পর্যন্ত থানায় হত্যাকাণ্ডের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে শুনেছি, নিহত ব্যক্তির লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।’