জমি নিয়ে বিরোধ, টঙ্গিবাড়ীতে নিহত ১
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় প্রতিপক্ষের হামলায় শাহ আলম খান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের পুন্ডের বাজারের পূর্বকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শাহ আলম বেতকা ইউনিয়নের পুন্ডের বাজারের পূর্বকান্দা গ্রামে গোলাপ খানের ছেলে। গুরুতর আহত আহত ব্যক্তি মো. আলী হোসেন (৪০)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে শাহ আলম ও রাসেল মোল্লার পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। আজ রাতে শাহ আলম খান তার এক আত্মীয়কে নিয়ে তার পূর্বকান্দা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় শাহ্আলম খানের বাড়ির পাশে ওত পেতে থাকা রাসেল মোল্লা, সোহেল মোল্লা ও নাছির মোল্লা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে গুরতর আহত অবস্থায় তাদের দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাহআলমকে মৃত ঘোষণা করেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ার দৌস হাসান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহ আলম মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।