জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
ফেনীর দাগনভূঞা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম নঈম (৩২)। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে। বাবা আবদুর রহমান।
আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় আটক হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহম্মদ এবং রহিমা খাতুন নামের এক নারী।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, বাড়ির সম্পত্তি নিয়ে ওমরপুর গ্রামের রহিমা খাতুনপক্ষের সঙ্গে পাশের চানপুর গ্রামের মফিজুর রহমানপক্ষের বিরোধ চলছিল। মফিজুর একপর্যায়ে পেয়ারের সহায়তা চান। গত বছর পেয়ারের নেতৃত্বে রহিমার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ রয়েছে। সবশেষ গতকাল রাতে ওই বাড়িতে ফের হামলা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়। নিহত ব্যক্তিকে হামলাকারীপক্ষের লোক বলা হচ্ছে।
রহিমার ভাষ্য, গতকাল রাতে পেয়ারের লোকজন হামলা চালিয়েছে।
পেয়ারের দাবি, এই হামলায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল আজিম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থেকে হামলা ও সংঘর্ষ হয়। এতে এক ব্যক্তি নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পেয়ার ও রহিমাকে আটক করা হয়েছে।