জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সালাহ উদ্দিন ব্যাপারী (৩৫) গতকাল রোববার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সালাহ উদ্দিন হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনিভাঙ্গা এলাকার ইউনুস আলী ব্যাপারীর ছেলে।

নিহত সালাহ উদ্দিনের পরিবার সূত্র জানায়, গত বুধবার দুপুরে জমিজমা–সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার সুলতান ব্যাপারীর ছেলে আবু তালেবকে স্থানীয় মোবারক আলী ব্যাপারী, হারুন মালী, সবুজ মালীসহ কয়েকজন মিলে মারধর করেন। এ সময় আবু তালেবকে রক্ষা করতে গেলে তাঁর ভাই ছত্তার মিয়াও মারধরের শিকার হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সুলতান ব্যাপারীর ভাতিজা সালাহ উদ্দিন ব্যাপারী, তাঁদের স্বজন হাসেম, খাদিজা, আল আমিন, মাইনুদ্দিনসহ ৭ জন এবং অপর পক্ষের কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে খাদিজা ও মাইনুদ্দিনকে ঢাকায় এবং সালাহ উদ্দিনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, গতকাল সকালে সালাহ উদ্দিনের মৃত্যুর পর হাসপাতালে তাঁর মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত হয়।

হিজলা থানার ওসি মাকসুদুর রহমান বলেন, মারামারির ঘটনায় গত শনিবার সুলতান ব্যাপারী বাদী হয়ে ১৮ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। ওই মামলাই এখন হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে।