জমি নিয়ে বিরোধ, ব্যবসায়ী খুন
জমি নিয়ে বিরোধের জের ধরে ঢাকার সাভারের পার্বতীনগরে আজ মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের হামলায় রেজাউল করিম (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে নিহত ব্যক্তির বাবাসহ চারজন আহত হয়েছেন। তাঁদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে।
নিহত রেজাউলের বাড়ি সাভার পৌরসভার রেডিও কলোনি মহল্লায়। তিনি দীর্ঘদিন জাপানে থাকার পর বছর খানেক আগে দেশে ফিরে এলাকায় মুদির দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন।
নিহত রেজাউলের স্বজনেরা জানান, নাজিম উদ্দিনসহ তাঁর চাচাতো ভাইদের সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে একই এলাকার বাসিন্দা এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমানের বিরোধ চলে আসছিল। জমির মালিকানা নিশ্চিত করার জন্য আজ সাভার উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বেলা তিনটার দিকে নাজিম উদ্দিন ও তাঁর স্বজনেরা সেটেলমেন্ট কার্যালয় থেকে বের হওয়ার পরপরই এরশাদ ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের ছুরিকাঘাতে রেজাউল ও তাঁর বাবা নাজিম উদ্দিনসহ পাঁচজন আহত হন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে রেজাউল মারা যান। এর পরপরই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হামজা ও মজিদ নামের দুজনকে আটক করে।
জানতে চাইলে এরশাদ সাংবাদিকদের বলেন, নাজিম উদ্দিন ও তাঁর চাচাতো ভাইদের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তাঁদের নিজেদের মধ্যে বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তা ছাড়া ঘটনার সময় তিনি সেটেলমেন্ট কার্যালয়ের ভেতরেই ছিলেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।