জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই নিহত
ফরিদপুরের সালথায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মোহাম্মদ মুনশি (৫৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, বড় ভাই মোক্তার মুনশি (৫৮) ও তাঁর চার ছেলে রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মোহাম্মদ মুনশিকে হত্যা করেন। পুলিশ মোক্তার মুনশির তিন ছেলেকে আটক করেছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ৪ শতাংশ জমি নিয়ে মোহাম্মদ মুনশি ও মোক্তার মুনশির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বড় ভাই মোক্তার ও তাঁর চার ছেলে মোহাম্মদ মুনশিকে রামদা দিয়ে কোপান ও লাঠি দিয়ে পেটান। এতে তিনি (মোহাম্মদ মুনশি) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ মুনশি সিংহপ্রতাপ গ্রামের মৃত ইউসুফ মুনশির ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মোক্তার মুনশির বসতবাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মোক্তার মুনশির তিন ছেলেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।