জমি নিয়ে বিরোধ, ভাতিজাদের হাতে চাচা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভাতিজাদের হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদীআটা গ্রামে আজ মঙ্গলবার এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইন্তাজ আকন্দ (৬৫)। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির স্ত্রী খোদেজা বেগম ও মেয়ে চামেলি বলেন, দীর্ঘদিন ধরে ইন্তাজ আকন্দের সঙ্গে তাঁর ভাতিজা আলাউদ্দিন, তোতা মিয়া ও হাছানের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে ইন্তাজ আকন্দ জমিতে চাষ করতে যান। এ সময় তাঁর ভাতিজারা তাঁকে বাধা দেন। এ নিয়ে ইন্তাজ আলীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজারা ইন্তাজ আকন্দকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।