জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৩
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গতকাল শনিবার দুপুরে খাসজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব৵ক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মমিনপুর ইউনিয়নের হযরতপুর শিমুলতলী গ্রামের বাসিন্দা এন্তাজুল হক (৬৫) ২০১২ সালে হযরতপুর মৌজার ৪ ও ২৬ দাগের ৬৬ শতক জমি সরকারের কাছ থেকে ইজারা নেন। এর আগে ওই জমি এলাকার ইদ্রিস আলী মণ্ডল ভোগদখল করছিলেন। পরে ওই জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিবাদ চলছিল।
এন্তাজুল হকের ছেলে নুর আলম (৩৫) বলেন, ‘ইদ্রিস আলী দলবল নিয়ে ওই জমির ওপর জনগণের রাস্তা কেটে নিয়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। ফলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে লাঠিসোঁটা ও ছোরা হাতে আমাদের ওপর হামলা চালান। এতে আহত হন আমার বাবা, চাচা আবদুল মজিদ (৫৫) ও চাচাতো ভাই সোহাগ (২৫)। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।’
এ ব্যাপারে ইদ্রিস আলী বলেন, ‘আমি কিছু করিনি। খাসজমি দখলের চেষ্টা করলে এলাকার লোক কাউকে ছেড়ে দেবে না।’ পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল আলম বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।’