জমি নিয়ে বিরোধ, ১২০০ কলাগাছ কেটে সাবাড়
জমি নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃষক কুদ্দুস প্রামাণিকের সাড়ে চার বিঘা জমির ১ হাজার ২০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান চৌধুরীর স্ত্রী হাসিনা ইমরান চৌধুরী লোকজন দিয়ে এ কাজ করান।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে গোড়া থেকে কেটে ফেলা অসংখ্য কলাগাছ পড়ে আছে। অধিকাংশ গাছে কলার কাঁদি রয়েছে। কুদ্দুস প্রামাণিক ও তাঁর স্ত্রী শোকাতুর হয়ে মাঠেই আফসোস করছেন।
কুদ্দুস প্রামাণিক বলেন, প্রায় আট বছর আগে ইমরান চৌধুরীর বাবা শামসুদ্দিন চৌধুরীর কাছ থেকে বাগানের প্রায় পাঁচ বিঘা জমি কেনেন গোয়ালন্দের ভিক্টর ব্রিডাসের মালিক রুহুল আমিন। রুহুল আমিনের কাছ থেকে বছরে ৩০ হাজার টাকা চুক্তিতে জমি নিয়ে চাষাবাদ করেন তিনি। দুই বছর আগে সাড়ে চার বিঘা জমিতে ১ হাজার ৬০০ কলাগাছের চারা রোপণ করেন। তাতে ভালো ফলনও হয়। চলতি মাসে প্রায় ২০০ কাঁদি কলাও বিক্রি করেছেন।
কিন্তু ইমরান চৌধুরী মারা যাওয়ার পর তাঁর স্ত্রী হাসিনা ইমরান এই জমি নিজের বলে দাবি করেন। গত শনিবার দুপুরে হাসিনা নিজে লোকজন দিয়ে এসব কলাগাছ কাটান। স্থানীয় সোহাগ বিশ্বাস, মিন্টু বিশ্বাস ও অপু বিশ্বাস সহযোগিতা করেন। সংবাদ পেয়ে গোয়ালন্দ থেকে জমির মালিক রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাধা দিলে ফিরে যান। ততক্ষণে ১ হাজার ২০০ গাছ কেটে সাবাড় করে ফেলেছেন। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে তাঁর। শনিবার রাতেই তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইমরান চৌধুরীর চাচাতো ভাই নাগিব চৌধুরী বলেন, ‘জানামতে আমার চাচা এই জমি রুহুল আমিনের কাছে বিক্রি করেন। এরপর থেকে তিনি ভোগদখলে আছেন। প্রায় এক বছর ধরে ইমরান চৌধুরীর স্ত্রী জমির অংশীদার দাবি করে বাধা দিচ্ছেন। স্থানীয়ভাবে মীমাংসায় বসতে আহ্বান করলেও তিনি বসেননি।’
রুহুল আমিনের দাবি, ‘সাত-আট বছর আগে ইমরান হোসেন চৌধুরীর উপজেলা পরিষদের নির্বাচনের সময় তিনি ও তাঁর বাবা শামসুদ্দিন চৌধুরী জমি বিক্রি বাবদ আমার কাছ থেকে কয়েক লাখ টাকা নেন। প্রতি বিঘা এক লাখ টাকা করে প্রায় ২৫ বিঘা জমি বিক্রি করেন। ইমরান চৌধুরী মারা যাওয়ার পর থেকে তাঁর স্ত্রী নানা সময় নানাভাবে ঝামেলা করছেন।’
জানতে চাইলে মুঠোফোনে হাসিনা ইমরান চৌধুরী বলেন, ‘আমার জমি। আমি কলাগাছ কেটে আম-বাগান করব, আপনাদের কোনো আপত্তি আছে? নিজের জমিতে কলাগাছ রাখব না। এটা আমার জমি, স্বামীর জমি।’