জমি নিয়ে বিরোধে অর্ধশতাধিক গাছ কাটল প্রতিপক্ষ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধে অর্ধশতাধিক ইউক্যালিপটাসগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কামালপুর গ্রামের মহির উদ্দিন ও বাদশা মিয়া বলেন, গ্রামের ময়েন উদ্দিন মিয়া ৩০ বছর ধরে ১৬ শতাংশ জমি ভোগদখল করছেন। পাঁচ বছর আগে জমির আইলে দুই শতাধিক ইউক্যালিপটাসগাছ লাগান ময়েন। কিন্তু সম্প্রতি একই গ্রামের নিজাম উদ্দিন ও তাঁর লোকজন ওই জমি মালিকানা দাবি করেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়। এ ছাড়া থানায়ও এ নিয়ে বৈঠক হয়। ওই বিরোধের জের ধরে গতকাল সকালে নিজামের লোকজন গাছগুলো কেটে ফেলেন।
এ ব্যাপারে ময়েনের ছেলে মিনহাজুল ইসলাম বলেন, ‘৩০ বছর ধরে জমি চাষাবাদ করে খাচ্ছি, কোনো সমস্যা হয়নি। এখন ছিটমহল বিলুপ্ত হওয়ায় জমির মালিকানা অনেকেই দাবি করছেন।’
এ ব্যাপারে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।