জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার রাতে আজমল হোসেন (৫৫) নামের এক কৃষককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজমলের ছেলে আবদুল হামিদ ও নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামে তাঁদের বাড়ি। তাঁর বাবার সঙ্গে তাঁর (আজমল) সৎভাই মনিরুজ্জামান ওরফে মহিজলসহ অন্য সৎভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাতে চাচারা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে ফেলে রাখেন। গতকাল মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে জানতে মহিজলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
রৌমারী থানার ওসি (তদন্ত) রুহানী পিপিএম বলেন, এ ঘটনায় হামিদ ১০ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।