জমি নিয়ে বিরোধে তিন শ গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা গ্রামে জমি দখলের উদ্দেশ্যে তিন শতাধিক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দিতে গেলে প্রাণনাশের জন্য ধারালো অস্ত্র নিয়ে তাড়া করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উত্তর আইচা গ্রামের মো. শাহিন বলেন, তিনি ২০১২ সালে একই গ্রামের মোজাম্মেল হকের কাছ থেকে ২৮ শতক জমি কেনেন। ২০১০ সালে মোজাম্মেল হক ওই জমি একই গ্রামের আবদুর রশিদের কাছ থেকে কেনেন। শাহিন জমিতে বনজ ও ফলদ গাছ লাগান। গতকাল বুধবার সকালে ওই জমির মালিকানা দাবি করে দেলোয়ার হাওলাদারের ছেলে জিয়াউদ্দিন, সুজাউলসহ প্রায় তিন শতাধিক লোক বাগানে ঢুকে গাছ কেটে ফেলে এবং বাড়ি নির্মাণের সামগ্রী নিয়ে আসে। এতে বাধা দিতে গেলে শাহিন ও তাঁর লোকজনকে তাড়া করা হয়।
দেলোয়ার হোসেনের ছেলে জিয়াউদ্দিন বলেন, ‘২০১৩ সালে একই দাগে ২৮ শতক জমি আবদুর রশিদের ছেলে আনোয়ারের কাছ থেকে কিনেছি। এ নিয়ে একাধিকবার সালিস বসেছে। সেই সালিস যে রায় দিয়েছে, আমরা তা মেনে গতকাল জমি দখল করতে গেছি। বাড়ি নির্মাণ করার জন্য মালামাল এনেছি। এখন পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমার কার্যক্রমে বাধা দিয়ে আবার সালিস করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
রসুলপুর ইউপি চেয়ারম্যান জহির পণ্ডিত বলেন, সালিস করে এ ঘটনার সমাধান করা হবে।
শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যান সমঝোতা করবেন বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।