জমি নিয়ে বিরোধে দুই কৃষক খুন
সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার খোরশেদ আলম ওরফে খুশি (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বিশ্রামপুর নয়াবন্দর গ্রামের কৃষক খলিলুর রহমানকে (৫৫) গলা কেটে হত্যা করা হয়েছে।
তাড়াশ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের পূর্বপাড়ার খোরশেদ আলম ও আবুল হোসেনের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গতকাল সকালে বিরোধপূর্ণ ওই জমির মাপজোক নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কৃষক খোরশেদের সঙ্গে আবুল হোসেনের ছেলে আবদুল আজিজের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুল আজিজ, তাঁর ভাই এরশাদ আলী ও আমিনুল ইসলাম মিলে শাবল, লাঠি দিয়ে খোরশেদকে বেদম পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই খোরশেদ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আবুল হোসেন ও তাঁর পক্ষের লোকজন পলাতক থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিক ভলেন, নিহত ব্যক্তির মাথা ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫৯ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বলেন, এই ঘটনার পর থেকে আবুল হোসেন ও তাঁর ছেলেরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভানোর বিশ্রামপুর নয়াবন্দর গ্রামের খলিলুর রহমানের সঙ্গে প্রতিবেশী এনামুল হক ও খাদেমুল ইসলামের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে এ নিয়ে মীমাংসা বৈঠক হয়। কিন্তু বৈঠকে সমঝোতা হয়নি। এরপর সোমবার উভয় পক্ষকে আবার উপজেলা পরিষদে ডাকা হয়।
নিহত খলিলের স্ত্রী সালেহা বেগম বলেন, গত রোববার রাতে খলিলকে মুঠোফোনে ডেকে নেওয়া হয়। এরপর সে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন খলিলের গলা কাটা লাশ বাঁশ ঝাড়ে পড়ে থাকতে দেখে তাদের খবর দেন।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আকবর আলী, আবু হোসেন, আবদুস সোবহান নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি।