জমি নিয়ে বিরোধে পা ভেঙে দেওয়ার অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুগারঝোড় গ্রামে গত শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে সুলতান গাউস (৫৮) নামের এক ব্যক্তির দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত সুলতান গাউসকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম গাউসকে (৬০) গ্রেপ্তার করেছে।
নাজিরপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, গতকাল রোববার গ্রেপ্তার শহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
থানা-পুলিশ ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, সুলতান গাউসের সঙ্গে প্রতিবেশী শামীম গাউস ও তাঁর ভাই শহিদুল ইসলাম গাউসের জমি নিয়ে বিরোধ রয়েছে। ২১ বছর আগে সুলতান গাউসের দখলে থাকা বিরোধীয় ১৫ কাঠা জমি শামীম গাউস ও শহিদুল ইসলাম গাউস রেকর্ড করে নেন। দুই বছর আগে শহিদুল ওই জমি দখল করে সুলতান গাউসের বসতবাড়ির যাতায়াতের পথ বন্ধ করে বেড়া দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে।