জমি নিয়ে বিরোধে ভাই খুন!

চট্টগ্রামের রাউজানে জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের হামলায় অপর এক ভাই নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মহিম উদ্দিন চৌধুরী (৪৭)।
স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ইসহাক মিয়ার ছয় ছেলের মধ্যে মহিম দ্বিতীয়। অন্য ভাইয়েরা তাঁকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়। এ কারণে গত দুই বছর ধরে তিনি চট্টগ্রাম নগরে বাসা ভাড়া করে থাকতেন। আজ চেয়ারম্যান তাঁকে ডাকলে তিনি বাড়িতে আসেন।
কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মুরাদুল হক চৌধুরী বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় প্রথম আলোকে বলেন, মহিম চৌধুরীর সঙ্গে বসতভিটা ও জমি নিয়ে তাঁর ভাইদের বিরোধ ছিল। ভাইদের কাছ থেকে হুমকি পেয়ে মাসখানেক আগে মহিম রাউজান থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।
কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তাঁদের ভাইদের মধ্যে চলা বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মহিমকে আমার কার্যালয়ে ডেকেছিলাম। মহিম আমার কাছে আসার জন্য ঘর থেকে বের হলে তাঁর দুই ভাই মান্নান ও জসিম মহিমের ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়াত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তরা পালাতক থাকায় কাউকে আটক করা যায়নি।