জমি নিয়ে বিরোধে শিক্ষার্থী খুন
জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুরের নকলা উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে গতকাল বৃহস্পতিবার এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত তরুণের নাম মো. সুজন মিয়া (২২)। তিনি কবুতরমারী গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আঞ্জুমালা (৫০) ও লাইলী বেগম (৩০)। তাঁদের বাড়ি একই গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দুই চাচাতো ভাই সুলতান মিয়া ও আবদুল মোতালেবের মধ্যে দীর্ঘদিন ধরে ১৫ শতক জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। গতকাল বেলা দুইটার দিকে মোতালেব, তাঁর বোন আঞ্জুমালা ও পুত্রবধূ লাইলী বেগম বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যান। এ সময় সুলতান ও তাঁর ছেলে সুজন বাধা দেন। একপর্যায়ে মোতালেব ও তাঁর সহযোগীদের বাঁশ ও লাঠির আঘাতে সুজন আহত হন। এলাকার কয়েকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীব সাহা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোতালেব পালিয়ে যান। তবে পুলিশ আঞ্জুমালা ও লাইলী বেগমকে গ্রেপ্তার করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার সন্ধ্যা সাড়ে সাতটায় বলেন, এ ঘটনায় মোতালেবকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন সুলতান মিয়া। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত সুজনের ঘাড়ে ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।
পলাতক ও কারাগারে থাকায় এ বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।