নোয়াখালীর সেনবাগে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া ভাঙচুর চালানো হয়েছে আরও দুটি ঘরে। গতকাল রোববার বেলা ১১টার থেকে ১টা পর্যন্ত উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এসব ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুরের এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
হামলায় আহত ব্যক্তিরা হলেন কাদরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন (৩২), তাঁর ভাই মো. ইদ্রিস ওরফে দুলাল (২৪) ও মো. ইসমাইল (২০), মা হোসনে আরা বেগম (৬০), মেয়ে সুবর্ণা আক্তার (১২), আত্মীয় শেখ আহম্মদ (৩০), তাজুল ইসলাম (৪০), মমিনুল হক (৬৫), ছালেহা বেগম (৪০), সাইফুল ইসলাম (২৫) ও নূর ইসলাম (২৫)। এর মধ্যে সুমন শহরের একটি বেসরকারি হাসপাতালে, বাকিরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, চাঁদপুর গ্রামের যুবলীগ নেতা ইলিয়াছ সুমনদের সঙ্গে একই বাড়ির তাজুল ইসলামদের জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও হয়েছে। গতকাল বিরোধপূর্ণ ওই জায়গার পরিমাপ করাকে কেন্দ্র করে দুই পক্ষে প্রথমে কথা–কাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এ সময় সুমনদের দুটি বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে আসার পর বেলা ১টার দিকে তাজুল ইসলামদের দুটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়।
হাসপাতালে আহত সুমনের ভাই ইদ্রিছ দুলাল অভিযোগ করেন, জায়গা মাপার জন্য আসা আমিনের সঙ্গে তাঁর বড় ভাই সুমন কথা বলতে গেলে তাজুল ইসলামের নেতৃত্বে ১৭-১৮ জন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে আহত করে। চিৎকার শুনে তাঁরা এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের ছয়জন আহত হন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তাজুল ইসলাম। তিনি দাবি করেন, জায়গা মাপাকে কেন্দ্র করে সুমন আগে থেকেই বহিরাগত সন্ত্রাসীদের এনে জড়ো করে রাখেন। সকালে আমিনকে নিয়ে এলে সুমনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। চিৎকার শুনে তাঁরা এগিয়ে গিয়ে নিজেরাও হামলার শিকার হন। সুমনের লোকজন তাঁদের দুটি বসতঘরে অগ্নিসংযোগ করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।