জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত, ৫০টি গাছ কর্তন ও খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার বেতদীঘি ইউনিয়নের চৌরাইট আখিরা গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চৌরাইট আখিরা গ্রামের জসিম উদ্দিন (৭৫), জসিমের স্ত্রী মজিদা বেগম (৬০), সিরাজুল (২২), রহেদুল ইসলাম (৪৫), ইউনুস (৪০), ইউনুসের স্ত্রী গোলাপী বেগম (৩২) ও সুলতান মাহমুদ (৩৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জসিম বলেন, ৭১ শতক জমি নিয়ে তাঁর চাচাতো ভাই মনির উদ্দিনের ছেলে আজিজার রহমান, আতাউর, আনিছুর, ইউনুস আলী, সুলতান মাহমুদ ও মাহাবুবুর রহমানদের সঙ্গে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার মনিরের ছেলেরা দলবদ্ধ হয়ে তাঁর (জসিম) এবং তাঁর ভাতিজার লাগানো ৫০টি বাঁশ ও গাছ কাটতে করতে শুরু করেন। এ সময় তিনি (জসিম), তাঁর ভাতিজা রহেদুল ও তাঁর নাতি সিরাজুল বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান এবং তাঁদের খড়ের গাদায়ও আগুন ধরিয়ে দেন। তবে আজিজার বলেন, ওই জমির অর্ধেকের মালিক তাঁরা। কিন্তু জমিতে উঠতে গেলে জসিম গং বাধা দেয়। বৃহস্পতিবার ওই জমিতে নিজেদের অংশের বাঁশ কাটতে গেলে জসিম ও তাঁর পরিবারের সদস্যরা  তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর ছোট ভাই ইউনুস, ইউনুসের স্ত্রী এবং সুলতান নামের এক ব্যক্তি আহত হন।