জমি নিয়ে বিরোধের জের, মহেশখালীতে যুবক নিহত
জমি নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের পূর্ব সিপাহিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আক্তার কামাল (২৫)। তিনি পানচাষি। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা বলেন, জমি দখল-বেদখলকে কেন্দ্র করে উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহিরপাড়ার আক্তার কামালের সঙ্গে একই এলাকার খাইরুল আমিনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টায় আক্তার কামাল পূর্বপাড়া এলাকায় জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। কথা–কাটাকাটির একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইশতিয়াক খালেদ বলেন, কামালের শরীরে ছুরিকাঘাতের ছয়টি চিহ্ন ছিল।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খাইরুল আমিনের সঙ্গে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
হত্যাকাণ্ডের বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।