জমি নিয়ে বিরোধের জেরে এক নারী নিহত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে রহিমা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা পানগাঁও গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পানগাঁও গ্রামের কাঞ্চন মিয়ার সঙ্গে একই গ্রামের লিটন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আজ সন্ধ্যায় দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাঞ্চন ও লিটনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে লিটন, তাঁর স্ত্রী রহিমা আক্তার, ছেলে আসাদ মিয়া এবং অপর পক্ষের কাঞ্চন, জহুরা আক্তার ও রতন আহত হন। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।