জমি নিয়ে বিরোধের জেরে খুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আছকর আলী (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আছকরের দুই মেয়ে আহত হন। আজ শনিবার সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় কুলাউড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনসুরপুর গ্রামের বাসিন্দা দিনমজুর আছকর আলীর সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে আজ সকাল ১০টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রফিক ও তাঁর ছেলে মামুন মিয়াসহ তাঁদের কিছু আত্মীয় দা ও লাঠিসোঁটা নিয়ে আছকরের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিলে আছকরের মেয়ে সুমি বেগম (২১) ও শাম্মী বেগম (১৮) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আছকর মারা যায়। আহত দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছকরের লাশ উদ্ধার করে। বিকেল চারটার দিকে নিহত আছকরের বড় ছেলে রাসেল মিয়া বাদী হয়ে রফিক ও মামুনসহ অজ্ঞাতনামা আরও দুই-তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দিদার উল্লাহ বিকেল সাড়ে চারটার দিকে মোবাইলে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত আছকরের গালের বাঁ পাশে ও মাথার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মামুন মিয়ার মোবাইল বন্ধ পাওয়া গেছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে হামলার পর আসামি ও তাঁদের আত্মীয়স্বজন পালিয়ে গেছেন।