জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সামসুল ইসলাম (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দখাজুরা ইউনিয়নের ভোগাবস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিংড়া থানা সূত্রে জানা যায়, আজ দুপুর একটার দিকে ভোগাবস্তপুর গ্রামের মজের আলীর ছেলে সামসুল ইসলাম বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তাঁর চাচাতো ভাই রুহুল আমিন ও তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে সামসুলকে এলোপাতাড়িভাবে কোপান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা করা হয়। তবে পথেই সামসুল মারা যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান শুরু করা হবে।