জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ দুজন নিহত
সড়ক নির্মাণের জন্য জমি দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা গ্রামে নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়।
নিহত দুজন হলেন সাথী আক্তার (৩৬) ও দেলোয়ার হোসেন (২৭)। তাঁদের বাড়ি সিরতা গ্রামে। সাথী আক্তারের বাবার নাম ইলিম উদ্দিন (মৃত)। আর দেলোয়ারের বাবার নাম মফিজ উদ্দিন (মৃত)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরতা গ্রামের পাশাপাশি দুই বাড়ির মধ্যে প্রধান সড়ক থেকে বাড়ি পর্যন্ত একটি ছোট সড়ক করার বিষয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। দুই পক্ষই প্রথমে সমান পরিমাণ জমি দিতে রাজি হয়। পরবর্তীকালে একটি বাড়ির পক্ষ থেকে সড়ক নির্মাণের জন্য জমি দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে কিছুদিন ধরে ওই দুই বাড়ির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে প্রায়ই দুই বাড়ির মানুষের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল।
আজ সকাল সোয়া নয়টার দিকে সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে দুই বাড়ির নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। নারীদের কথা-কাটাকাটির একপর্যায়ে দুই বাড়ির পুরুষেরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে এক পক্ষের সাথী আক্তার ও অপর পক্ষের দেলোয়ার ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হন।
খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশ উভয় পক্ষের ১৪ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী। দুপুর ১২টার পর দুটি বাড়িই পুরুষশূন্য হয়ে পড়ে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।