জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাইবুদ্দিন (৪৫) নামের একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের রোস্তমনগর ডুঙ্গুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে নিহত সাইবুদ্দিনের ভাতিজি রোজিনা বেগম (২৫), মা মমিরন নেছা (৮০), ভাই মমিনুল ইসলাম (৫০) ও জামিল হোসেনকে (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও মেয়ে শাহানাজ বেগমকে (১৪) পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের বাড়ি ডুঙ্গুপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইবুদ্দিনের বাড়ির পাশে তাঁর ফুফু মমেনা বেগমের (৬৫) ৯ শতক জমি রয়েছে। এ জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় ও স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিস বৈঠকও হয়। তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। গত মঙ্গলবার জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। এতে সাইবুদ্দিনের মেয়ে শাহানাজ বেগম আহত হয়। এর জের ধরে গতকাল বুধবার রাত ১১টার দিকে মমেনা বেগমের পক্ষের ৩০-৪০ জন লাঠিসোঁটা নিয়ে সাইবুদ্দিনের বাড়িতে হামলা চালান ও ভাঙচুর করেন। এতে বাধা দিতে গিয়ে সাইবুদ্দিন ও তাঁর পরিবারের ছয় সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সাইবুদ্দিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত তিনটার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।