জমি নিয়ে সংঘর্ষ, ১০ জন আহত
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামে গত রোববার জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় গতকাল উভয় পক্ষ পৃথক অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন, পুলিশ ও কয়েকজন আহত ব্যক্তি জানান, উত্তর চাঁদশী গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের সঙ্গে একই গ্রামের যতীন শিকদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। রোববার সকালে ওই জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন গৌরাঙ্গ ও তাঁর লোকজন। বেলা সাড়ে ১১টার দিকে যতীন শিকদার ২০-২৫ জন লোক নিয়ে কাজে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে গৌরাঙ্গ বিশ্বাস (৪৫), তাঁর পক্ষের কৃষ্ণ বিশ্বাস (৫০), বিলাস বিশ্বাস (২৫), মনির বিশ্বাস (৩৫), অলীক বিশ্বাস (২০) ও অপূর্ব বিশ্বাস (২২), যতীন শিকদারের পক্ষের দুলাল শিকদার (৪৮), মিহির শিকদার (৩৫), শিল্পী রানী শিকদার (৩০) ও মায়া রানী শিকদার (৩২) আহত হন।
গৌরাঙ্গ বিশ্বাস বলেন, যতীন শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারী ব্যক্তিরা গৌরাঙ্গ বিশ্বাসের ভাই কৃষ্ণ বিশ্বাস ও ভাতিজা অপূর্ব বিশ্বাসের বসতঘর ভাঙচুর করেছেন।
এ অভিযোগ অস্বীকার করে যতীন শিকদার বলেন, ‘অবৈধ দখলে বাধা দিতে গেলে গৌরাঙ্গ ও তাঁর ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে জখম করেছে।’