জমি নিয়ে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ৭
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ সাতজন আহত হয়েছেন।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার তেনাপচা গ্রামে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদারের বাড়ির পাশে প্রায় সোয়া দুই বিঘা জমি নিয়ে স্থানীয় জামাল বয়াতির সঙ্গে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে। গতকাল বেলা ১১টার দিকে জামাল বয়াতির বোনজামাই আফতার কাজীসহ অন্যরা ওই জমিতে যান। চেয়ারম্যানের বড় ছেলে বাবলু সরদার তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। চেয়ারম্যান আতর আলী সরদার এগিয়ে এলে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আতর আলী সরদার (৬৫), ছেলে বাবলু সরদার (৩৮), নাতি ইমরান শেখ (১৭), ভাইয়ের স্ত্রী পারুলী বেগম (২৫) ও বাবলুর স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩২) গুরুতর আহত হন। অন্য পক্ষের আফতার কাজী (৫৫) ও জামাল বয়াতির নাতি আরজিনা খাতুন (১৩) গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন বাবলু সরদার বলেন, ‘ওই জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। তা উপেক্ষা করে জামাল বয়াতির লোকজন সেখানে বাগান তৈরির কাজ শুরু করেন। বাধা দিতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর আক্রমণ করে।’
চিকিৎসাধীন আফতার কাজী অভিযোগ করেন, ‘এটি সরকারি জমি। খালি জায়গায় সবজিখেতের জন্য বাঁশের খুঁটি দেখে চেয়ারম্যানের বড় ছেলে গালিগালাজ করেন এবং সবকিছু উপড়ে দেন। বাধা দিলে তাঁরা আমাদের মারধর করেন।’
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।