জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামে আজ শুক্রবার জমি দিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা। আহত হয়েছেন নয়জন।
নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম খলিল (৫৭) ও তাঁর ভাতিজা আলাউদ্দিন (১৮)।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মো. রফিক (৩০), আবদুর রহিম (৩৪), মো. রাজিব (২০), জেসমিন আক্তার (৪২) ও সিরাজ মিয়া (৫৫)। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া অভিযোগ করেন, আজ দুপুরে তাঁরা বাড়ির পাশে তাঁদের একটি জমিতে বোরো ধানের চাষ শুরু করেন। এ সময় তাঁর সৎভাই হারুনুর রশিদ, সুমন ও গাজী এসে তাঁদের বাধা দেন এবং ওই জমি তাঁদের বলে দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর সৎ ভাইয়েরা বাড়ি থেকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত তাঁদের ওপর হামলা চালায়। এতে বড়ভাই ইব্রাহিম খলিল ও তাঁর (সিরাজ) ছেলে আলাউদ্দিন ঘটনাস্থলে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরমান (২৭) ও সুমন (২৫) নামের দুজনকে আটক করেছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।