জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে লিয়াকত আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
নিহত লিয়াকত আলী ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া পাড়ার মো. মছির উদ্দিনের ছেলে। আহত তিনজন হলেন নিহত লিয়াকতের বড় ভাই মহসিন আলী (৪৭), মহসিন আলীর ছেলে রওশন আলী (২৫) ও নিহত লিয়াকতের চাচা মতিয়ার রহমান (৪৯)। তাঁদের সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির চাচাতো ভাই দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ বাদী হয়ে আজ শনিবার ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার বাদী জানান, নিহত লিয়াকতের ফুফাত ভাই একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন ও লুৎফর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাঠি ও রডের আঘাতে লিয়াকত আলী, লিয়াকত আলীর বড় ভাই মহসিন আলী, মহসিন আলীর ছেলে রওশন আলী ও লিয়াকতের চাচা মতিয়ার রহমান গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চারজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে লিয়াকত আলীর মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাঁচজনের নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।