জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে আজ মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম আবদুল বাছিত (৬৫)। তিনি কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাছিতের সঙ্গে তাঁর ভাই আবু শহিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে আজ সকাল সাতটার দিকে দুই পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে বাছিত ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শহিদকে (৪৫) মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাছিতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আল আহসান সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত বাছিতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।