জমি নিয়ে সংঘর্ষে নয়জন টেঁটাবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সংঘর্ষে নারীসহ নয়জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন কাদিরপুর গ্রামের সুভাষ সরকার (৫২), সুশীল সরকার (৭০), কাজল রানী সরকার (৫০), পারুল রানী সরকার (৩৬), সুকেশ সরকার (৪২), হেমেন্দ্র সরকার (৪০), রবীন্দ্র সরকার (৪৫), খগেন্দ্র সরকার (৩৮) ও কালী সরকার (৩৫)। তাঁদের মধ্যে সুভাষ, সুশীল, হেমেন্দ্র ও খগেন্দ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার বাড়ি কাদিরপুর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তৌহিদ বিন আশরাফ বলেন, আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, একই গ্রামের সুভাষ সরকার ও হেমেন্দ্র সরকারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও রয়েছে। গতকাল সকাল পৌনে ১০টায় দিকে সুভাষ ও হেমেন্দ্রর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের লোকজন বাড়ির সামনের মাঠে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের নয়জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বেলা সাড়ে ১১টার দিকে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।