জমি-প্রাণ দুটোই গেল মুক্তারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে মুক্তার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে।
মুক্তার হোসেনের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তাঁর বাবার নাম অছিমুদ্দিন। তিনি প্রায় এক বছর আগে মালয়েশিয়ার গিয়েছিলেন।
গ্রামবাসীরা জানান, মুক্তার হোসেন কাঠমিস্ত্রির কাজ করতেন। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশ যাওয়ার কথা জানান মালয়েশিয়ায় থাকা একই গ্রামের আবদুল বারিককে। মুক্তার হোসেন তাঁর ভিটেমাটি আবদুল বারিকের নামে কবলা দলিল করে দেন। বারিক মুক্তার হোসেনকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রায় এক বছর আগে বাড়ি ছাড়েন তিনি। স্ত্রী পারুল আখতার পরে জানান, তাঁর স্বামী পানিপথে মালয়েশিয়ায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে মুক্তারের মৃত্যুসংবাদ তাঁর পরিবারকে জানানো হয়। এ বিষয়ে কথা বলার জন্য আবদুল বারিকের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।