জমি রেলওয়ের, উচ্ছেদ সিটি করপোরেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় বনানীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা দুটি স্থাপনা গতকাল উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো
বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় বনানীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা দুটি স্থাপনা গতকাল উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো

বনানীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা দুটি স্থাপনা গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সিটি করপোরেশন বলছে, বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় দোকান দুটি উচ্ছেদ করা হয়েছে। তবে রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, রেলওয়ের কাছ থেকে বৈধভাবে ইজারা নিয়ে স্থাপনা দুটি গড়ে তোলা হয়েছিল এবং রেলওয়ের জমিতে উচ্ছেদের এখতিয়ার সিটি করপোরেশনের নেই।

গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বনানী রেলস্টেশন লাগোয়া ক্যাফে বনানী ও তেহারি অন হুইল নামে দুটি খাবারের দোকান ভেঙে দেন। অভিযানের শুরুতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দোকান দুটি থেকে মালামাল সরিয়ে নেওয়ার পর বুলডোজার দিয়ে স্থাপনা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।

ডিএনসিসির কর্মকর্তারা বলেন, এই দুটি প্রতিষ্ঠান বৈধ ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ছাড়া তারা রেলওয়ে বিভাগ থেকে বরাদ্দপ্রাপ্ত জমির চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে কার্যক্রম চালাচ্ছিল, যা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে উচ্ছেদ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, জায়গাটি রেলওয়ের হলেও সিটি করপোরেশন এলাকায় কোনো স্থাপনা করতে হলে করপোরেশনের অনুমতি লাগে।

রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের বলেন, এটা রেলওয়ের জমি। রেলওয়ের জমি বন্দোবস্ত দেওয়ার জন্য নিজস্ব নীতিমালা আছে। সেই নীতি অনুযায়ীই বন্দোবস্ত দেওয়া হয়েছে। রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান চালানোর কোনো এখতিয়ার সিটি করপোরেশনের নেই। উচ্ছেদের সময় রেলওয়ের লাইটপোস্ট, রেলস্টেশনের শৌচাগার ও অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন রেলওয়ের এই কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালত বনানী রেলস্টেশনের অভিযান শেষে মহাখালী উড়ালসড়কের উভয় পাশে অভিযান চালিয়ে ফুটপাত দখলকারী কয়েক শ কাঁচা-পাকা অস্থায়ী দোকান, কয়েকটি দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করেন।