জমি রেলের, ভরছেন দুই প্রভাবশালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেলের জলাশয় ভরাট করা হচ্ছে। রেজাউল ইসলাম ও নেছার আহমেদ নামের দুই প্রভাবশালী ব্যক্তি ওই জলাশয় ভরাট করছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, রেজাউল ও নেছার একের পর এক রেলের জমি দখল করছেন। এসবের বিরুদ্ধে একাধিক মামলা হলেও পুলিশ ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেলের এই জলাশয় ভরাট করা হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেলের এই জলাশয় ভরাট করা হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

গত শনিবার সকালে সরেজমিন দেখা যায়, পার্বতীপুর শহরের জ্বালানি তেলের রেল হেড ডিপোর পাশে বিশাল জলাশয় ট্রাক্টরে করে মাটি এনে ভরাট করা হচ্ছে। মাটি ভরাটকাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল ও নেছার তাঁদের পুকুরটি ভরাট করতে বলেছেন। খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কথা হয় রেজাউলের সঙ্গে। তিনি বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য। আমি এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশ অটোবাইক কল্যাণ সোসাইটি পার্বতীপুর শাখার সভাপতির দায়িত্ব পালন করছি। এ ছাড়া মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানের সভাপতি আমি। অনেক মানুষ আছেন, যাঁরা রেলজমি দখল করে ব্যক্তিগত প্রয়োজন মেটাচ্ছেন। আমি তা করিনি। বরং জনকল্যাণে কাজ করছি। দখল করা জমিতে সংগঠন গড়ে তুলেছি। আমার বিরুদ্ধে লিখে কোনো লাভ হবে না।’
জানতে চাইলে নেছার আহমেদ গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সবাই ভরাট করে, তাই আমিও ভরাট করছি। সেখানে আমি একটি দোকান করব।’
রেলওয়ে পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুল ইসলাম বলেন, ‘রেজাউল ও নেছারের বিরুদ্ধে আমরা একাধিক মামলা করেছি। ১৬ ফেব্রুয়ারি পার্বতীপুর জিআরপি থানায় এ-সংক্রান্ত একটি অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
পাকশীর রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ডিভিশনাল এস্টেট অফিসার (ডিইও) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, রেলের জলাশয় ভরাট করা কোনোভাবেই বিধিসম্মত নয়। এটা রেলওয়ে আইনের লঙ্ঘন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, যদি কেউ রেলের জলাশয় দখল করে থাকেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর দায়িত্ব দল নেবে না। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘রেজাউল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমরা একে প্রশ্রয় দেব না।’
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি। জলাশয় ভরাটকাজ বন্ধ রাখতে দখলদারদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’