জমি লিখে না দেওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গত শুক্রবার তাঁর সন্তান ও জামাতারা মিলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর এক ছেলে ও এক মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই বৃদ্ধের নাম তোরাব সরদার। বাড়ি উপজেলার মুন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তোরাব সরদারের বসতবাড়িসহ মোট আট বিঘা জমি রয়েছে। তাঁর স্ত্রী, জামাতা ও দুই সন্তান জমিগুলো তাঁদের নামে লিখে দেওয়ার জন্য কিছুদিন ধরে চাপ দিয়ে আসছেন। এতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ তৈরি হয়। এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ১১টার দিকে ঝগড়া বাধে। একপর্যায়ে তোরাবকে মারধর শুরু করেন ছেলে সাদ্দাম হোসেন (২৫), মেয়ে ছাবিনা খাতুন (২২) ও তাঁর স্বামী মনিরুল ইসলাম (২৫)। এতে গুরুতর আহত হয়ে পড়লে তোরাবকে স্থানীয় লোকজন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শনিবার ভোরে সেখানে নেওয়ার পথে তোরাবের মৃত্যু হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী সোহাগী খাতুনসহ (৪৫) চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এজাহারভুক্ত সাদ্দাম ও ছাবিনাকে গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।