জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে একজন খুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় রজবুল হক (২৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত রজবুলের বাবার নাম মোফাজ্জল হোসেন। শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামে তাঁর বাড়ি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, রজবুলদের সঙ্গে তাঁর চাচা সাজেমান আলী ও চাচাতো ভাই সোহবুলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। স্থানীয়ভাবে কয়েকবার সালিস বসলেও বিষয়টির সুরাহা হয়নি। ওই বিরোধের জের ধরে গতকাল রাত সাড়ে আটটার দিকে রজবুলের ওপর হামলা হয়। সাজেমানের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রজবুলকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
ওসি আরও বলেন, এই ঘটনায় তরিকুল ইসলাম, আলিফ হোসেন, মোহাম্মদ বকু ও আহম্মদ আলী নামের চার ব্যক্তিকে আজ বুধবার সকালে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রজবুলের লাশ মর্গে রাখা হয়েছে।