জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে কুড়িগ্রাম সদর উপজেলায় সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন মালভাঙ্গা গ্রামের আকতার হোসেন (৪০)।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মালভাঙ্গা গ্রামের আহম্মদ হোসেন ও তাঁর সৎভাই আবদুল সোবহানের মধ্যে ৩২ শতক আবাদি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল সকাল থেকে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কুড়াল, দা, ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আহম্মদ হোসেনের ছেলে আকতার হোসেন মারা যান। আহত ব্যক্তিদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম বলেন, দুপুরের দিকে হাসপাতালে সংঘর্ষে আহত বেশ কয়েক ব্যক্তিকে আনা হয়। এঁদের মধ্যে আকতার হোসেন নামে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অবস্থার অবনতি হওয়ায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।