জমির জন্য প্রতিবন্ধী শিশুকে হত্যার চেষ্টা
বরগুনার আমতলী উপজেলায় বাক্প্রতিবন্ধী এক শিশুকে তার খালু জলকপাটের (স্লুইসগেট) স্রোতের মুখে ফেলে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরিফ (৬) নামের ওই শিশুটির খালু কামাল মৃধা জমি আত্মসাতের জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাতে এই ঘটনা ঘটান বলে স্বীকার করেছেন।
গত শুক্রবার রাতে স্থানীয় লোচা গ্রামে এই ঘটনার পর এলাকার লোকজন কামালকে আমতলী থানায় সোপর্দ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে আমতলী পৌর শহরের লোচা গ্রামের সুলতান তালুকদারের মেয়ে তানিয়ার সঙ্গে দক্ষিণ আমতলী গ্রামের সুলতান মৃধার ছেলে কামাল মৃধার বিয়ে হয়। বিয়ের পর কামাল শ্বশুর সুলতান তালুকদারের ৬৬ শতক জমি কৌশলে নিজের নামে গোপনে দলিল করে নেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে শ্বশুর ও অন্য আত্মীয়স্বজনেরা তাঁর ওপর ক্ষিপ্ত হন।
আরিফের নানা সুলতান তালুকদার জানান, আরিফের মা মাহফুজা ও বাবা মাসুদ মিয়া আরিফকে তাঁর বাড়িতে রেখে ঢাকায় দিনমজুরের কাজ করেন। দুই দিন আগে কামাল মৃধা তাঁর স্ত্রী তানিয়াকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। গত শুক্রবার রাতে বাক্প্রতিবন্ধী আরিফ নানার বাড়িতে তার খালা তানিয়া ও খালু কামালের সঙ্গে ঘুমিয়ে ছিল। গভীর রাতে কামাল ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে স্থানীয় লোচা খালে জলকপাটের স্রোতের মুখে ফেলে দেন। এ সময় স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরছিলেন। জেলেরা মানুষের উপস্থিতি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে কামাল দৌড় দেন। এলাকার কয়েকজন দৌড়ে তাঁকে ধরে ফেলেন। এরপর স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে কামাল স্বীকার করেন হত্যার উদ্দশ্যে শিশুটিকে তিনি জলকপাটের স্রোতের মুখে ফেলে দিয়েছেন।
পরে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির স্বজন ও এলাকার লোকজন। শিশুটি পানির তোড়ে বিপরীত দিকে ভেসে যাওয়ার সময় কলাগাছের একটি ভেলা ধরে রাখে। ঘণ্টা দেড়েক পর তার কান্নার শব্দ শুনে স্থানীয় জেলে বেলাল, রফিক ও মোস্তফা হাওলাদার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। গতকাল শনিবার সকালে আরিফকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাতেই কামাল মৃধাকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।
কামালের স্ত্রী তানিয়া আকতার বলেন, ‘আমি আমার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সে সম্পত্তির লোভে আমার বাবার পরিবারের লোকদের ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে আরিফকে হত্যা করতে চেয়েছিল।’
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাপস মণ্ডল জানান, শিশুটির পেটে পানি ছিল। তা বের করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।