জমির জন্য মা-বাবা ও ভাইবোনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে মা-বাবা ও ভাইবোনকে এক ব্যক্তি কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁওয়ে।
আহত ব্যক্তিরা হলেন বালিগাঁওয়ের শ্যামা মিয়া (৬৫), তাঁর স্ত্রী আজিজুন্নেছা (৫০), ছেলে জুয়েল মিয়া (১২) এবং মেয়ে সেলিনা বেগম (২০) ও নাসিমা বেগম (২৫)। তাঁদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আজিজুন্নেছা ছাড়া সবার অবস্থা আশঙ্কাজনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, শ্যামা মিয়ার ছেলে সেবুল মিয়া বেশ কিছুদিন কাতারে ছিলেন। দেশে ফেরার পর জমি নিয়ে মা-বাবার সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সেবুল মিয়া দা দিয়ে বাবা, মা, ছোট ভাই জুয়েল মিয়া, বোন সেলিনা বেগম ও নাসিমা বেগমকে কুপিয়ে আহত করেন। ঘটনার পর থেকে সেবুল পলাতক।
সেবুল মিয়ার মা আজিজুন্নেছা জানান, বিদেশ থেকে ফেরার পর তাঁর ছেলে সেবুল জমি চেয়েছিলেন। জমি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে সে ব্যবসা করবেন বলে তাঁদের জানিয়েছিলেন। জমি না দিয়ে ব্যবসা করার জন্য তাঁরা সেবুলকে কিছুদিন আগেও ৭০ হাজার টাকা দেন। ওই টাকার কোনো হদিস নেই। তিনি (সেবুল) আবারও জমি চেয়েছিলেন। কিন্তু না দেওয়ায় তাঁদের ওপর তিনি হামলা চালিয়েছেন। তিনি বাড়ি ফিরে ছেলের বিরুদ্ধে মামলা করবেন।