জমির দখল নিতে আবার সক্রিয় জালিয়াত চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সংগঠন জাগো আর্ট সেন্টারের জমি দখলে নিতে আবারও তৎপরতা শুরু করেছে ভূমি জালিয়াত চক্র। জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে ৫৫ বছরের পুরোনো এ সংগঠনের জমি জোর করে দখলে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলে থাকা জমির অধিকার ছেড়ে দিতে আর্ট সেন্টারের সংগঠক এবং শিক্ষকদেরও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
জাগো আর্ট সেন্টারের অধ্যক্ষ নৃত্যশিল্পী বেলায়েত হোসেন বলেন, জালিয়াত চক্রের লোকজন কিছুদিন ধরে হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন, যেকোনো সময় আর্ট সেন্টারের জমি দখলে নেবে।
একুশে পদকপ্রাপ্ত গুণী নৃত্যশিল্পী গওহর জামিল প্রতিষ্ঠিত জাগো আর্ট সেন্টার অর্ধশতাব্দী ধরে শুদ্ধ সংস্কৃতি চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মিলনায়তন, চারটি শ্রেণিকক্ষ, অধ্যক্ষের বাসভবন এবং কিছু খোলা জায়গা নিয়ে রাজধানীর স্বামীবাগে মিতালী শিশু বিদ্যাপীঠের কাছে সেন্টারটির অবস্থান। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০।
আর্ট সেন্টারের সংগঠকেরা জানান, ১৮ কাঠা জমির ওপর এটি প্রতিষ্ঠা করা হয়েছে। জমিটি সরকারের কাছ থেকে ইজারা নেওয়া। তাঁরা বলেন, জমির দখল নিতে ১৯৮০ সালের পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমি জালিয়াত চক্র। সর্বশেষ ২০১২ সালেও জমিটি দখলের চেষ্টা করা হয়। ওই সময়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদের মুখে চক্রটি পিছু হটে। এখন নতুন করে আবারও চক্রটি সক্রিয় হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাগো আর্ট সেন্টার রক্ষা কমিটির আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রথম আলোকে বলেন, গওহর জামিল ও রওশন জামিলের স্মৃতি বিজড়িত এই সেন্টার ঢাকার ঐতিহ্য। এর সঙ্গে পুরান ঢাকার সাংস্কৃতি চর্চার সম্পৃক্ততা রয়েছে। ভূমিদস্যুদের কবলে পড়ে এই আর্ট সেন্টার ধ্বংস হয়ে গেলে দেশের সাংস্কৃতিক অঙ্গণের জন্য এটি কালো অধ্যায় হয়ে থাকবে।
রামেন্দু মজুমদার বলেন, ‘আমরা জানি এই জমির মালিক সরকার। বাস্তবে দেশ বিভাগের পর এই জমির প্রকৃত মালিক হরলাল গঙ্গোপাধ্যায় ভারতে চলে যান। প্রতারক চক্র ভিন্ন ব্যক্তিকে হরলাল গঙ্গোপাধ্যায় সাজিয়ে এবং ভুয়া দলিলপত্র তৈরি করে জমিটি দখলের অপচেষ্টা করছে।’
আর্ট সেন্টারের সংগঠকেরা জানান, হরলাল গঙ্গোপাধ্যায় ১৯৪৭ সালে দেশ ভাগের সময় ভারতে চলে যান। তখন জমিটি ছিল নিচু ডোবার মতো। ১৯৪৮ সালে সরকার জমিটি নিয়ন্ত্রণে নিয়ে গওহর জামিলের নামে ইজারা দেয়। তখন এলাকাবাসী জায়গাটি ভরাট করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলে। এরপর ১৯৫৯ সালে সেখানে জাগো আর্ট সেন্টার গড়ে ওঠে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সরকার জমিটি জাগো আর্ট সেন্টারের নামে নতুন করে ইজারা দেয়।
আর্ট সেন্টারের উপাধ্যক্ষ রফিকুল আলম বলেন, ১৯৮৩ সালে একটি মহল জমিটি দখলের জন্য হরলাল গঙ্গোপাধ্যায়কে জীবিত দেখিয়ে জনৈক আদিলুজ্জামানের নামে জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে। এতে দেখানো হয়, হরলাল গঙ্গোপাধ্যায় আদিলুজ্জামানের কাছে জমিটি বিক্রি করেছেন। তখন সংস্কৃতিসেবীদের আন্দোলনের মুখে চক্রটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর ২০১২ সালে আবারও জমিটি দখলে নেওয়ার অপতৎপরতা শুরু হয়।
আর্ট সেন্টারের শিক্ষকেরা বলেন, হরলাল গঙ্গোপাধ্যায়ের বাড়ি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সম্প্রতি তাঁরা সেখানে গিয়ে হরলাল ও তাঁর পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁদের কোনো হদিস দিতে পারেননি।
আর্ট সেন্টারের সংগঠকেরা বলেন, জমিটির দখলি স্বত্ব সম্পর্কে নিশ্চিত হতে ঢাকা জেলা প্রশাসন ২০১২ সালে জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে। সরেজমিনে তদন্ত করে কৌঁসুলি ওই বছরের ১৮ অক্টোবর প্রতিবেদন জমা দেন। তাতে বলা হয়েছে, জমিটি জাগো আর্ট সেন্টারের দখলে আছে। সেখানে অন্য কারও কোনো মালিকানা স্বত্ব বা দখল নেই।