জমির দখলকে কেন্দ্র করে মারামারিতে আহত ১২, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে জমি দখলকে কেন্দ্র করে মারামারিতে দুই পক্ষের নারীসহ প্রায় ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করলে থানা-পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিংগারপাড়া গ্রামে।
মামলার বাদী সাবানা বিবি জানান, তাঁর শরিকদের সঙ্গে প্রায় ৬৬ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর দ্বন্দ্ব চলছে। গত রোববার সকালে প্রতিপক্ষের লোকজন ওই বিবদমান জমিতে ধান লাগাতে গেলে তিনি বিষয়টি থানা-পুলিশকে জানান। পুলিশ সেখানে পৌঁছে শান্তিপূর্ণ সমাধানের জন্য দুপক্ষকে থানায় ডাকেন। পরে পুলিশ চলে গেলে প্রতিপক্ষ নান্নু, মিঠুসহ তাদের লোকজন সাবানা বিবির ওপর হামলা করে। এতে আহত হলে সাবানাকে রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে আবারও মারধরের ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হন। আহতদের রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাবানা বিবি বাদী হয়ে রোববার সন্ধ্যায় নান্নু, মিঠুসহ ১৯ জনকে আসামি করে থানায় মামলা করেন। রাতে পুলিশ তিন নারী ও এক যুবককে গ্রেপ্তার করে। রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।