জমির দখলে নিতে বিদ্যালয় মাঠে ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ করা ঘর। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো
আমির্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ করা ঘর। ছবিটি গত রোববার দুপুরে তোলা l প্রথম আলো

জামালপুরের মেলান্দহ উপজেলার আমির্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলে নিতে বিদ্যালয় মাঠে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা আর খেলাধুলা করতে পারছে না। দুই মাস আগে আমির্ত্তী গ্রামের আবদুস ছাত্তার ও তাঁর ছোট ভাই বাবুল মিয়া ওই ঘর নির্মাণ করেন।

সরেজমিনে গত রোববার দুপুরে দেখা যায়, বিদ্যালয় মাঠে একটি ঘর। বিদ্যালয় ভবনটির একেবারে সামনেই ঘরটি করা হয়েছে। ঘরটির পাশে রান্নাঘরও নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে ৫২ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে সরকারি হয়। এখানে ১৩৪ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন। হঠাৎ একই গ্রামের আবদুস ছাত্তার ও তাঁর ছোট ভাই বাবুল মিয়া বিদ্যালয় মাঠে ঘর নির্মাণ করেন। তাঁরা মাঠের ওই জমি নিজেদের বলে দাবি করেন। এরপর থেকে মাঠের আশপাশে কাউকে যেতে দিচ্ছেন না।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাজেদুল ইসলাম বলে, বিশাল মাঠ থাকার পরও তারা খেলতে পারে না। দুই মাস ধরে ঘরের কারণে তারা মাঠেও যেতে পারছে না। ঘরের আশপাশে গেলেই তাদের গালিগালাজ করা হয়।

গ্রামের কামরুল হাসান বলেন, পুরো গ্রামে একমাত্র বিদ্যালয় এটি। অথচ বিদ্যালয় মাঠের দখল করা ওই জমি এখন তাঁদের বলে দাবি করছেন দুই ভাই। এ নিয়ে দখলদারদের সঙ্গে একাধিকবার গ্রামবাসী বসেছেন। কিন্তু লাভ হয়নি।

সহকারী শিক্ষক মোরশেদা খাতুন বলেন, ‘ঘরটি মাঠের এক কোণে তুলতে পারতেন। কিন্তু তা না করে দখলদাররা একদম ভবনের সামনে ঘর তুলেছেন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা বেকায়দায় রয়েছে। দখলদারদের সঙ্গে বসেও এর কোনো সমাধান করা যায়নি।’

এ ব্যাপারে আবদুস ছাত্তার বলেন, ‘স্কুল করার জন্য গ্রামের লোকজন ১৯৯৪ সালে আমার বাবা নুরুল হোসেনের কাছ থেকে একরকম জোর করে নয় শতক জমি নেন। কিন্তু জমিটি আমার বাবা লিখে দেন নাই। বাবার মৃত্যুর পর ওই জমি এখন আমাদের। সেখানেই আমরা ঘর নির্মাণ করেছি।’

প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, বিদ্যালয়টির জন্য একই গ্রামের আবু বক্কর সিদ্দিক ও আবদুল করিম ৫২ শতক জমি দান করেন। ওই জমিতেই বিদ্যালয়টি চলছে। এখানে আবদুস ছাত্তারের বাবার কোনো জমি নেই। কিন্তু এখন ৫২ শতকের মধে৵ নয় শতক দুই ভাইয়ের বলে দাবি করছেন তাঁরা। হঠাৎ করে দুই মাস আগে লোকজন নিয়ে স্কুল ভবনের সামনে ঘর নির্মাণ করেন তাঁরা। এ সমস্যা সমাধানে গত ২৩ অক্টোবর উপজেলা চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে কোনো সমাধান হয়নি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, ‘স্কুল মাঠে ঘর নির্মাণের বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শিগগিরই ঘরটি তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা পারভিন বলেন, বিদ্যালয় মাঠে ঘর নির্মাণের বিষয়টি সত্য। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে।