জমির নিয়ে বিরোধ, কৃষিশ্রমিক নিহত
নীলফামারীর ডিমলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ফজলে রহমান (৫৫) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার গ্রামে। নিহত ফজলে রহমান ওই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় আহত চারজনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, গ্রামের বোরহান উদ্দীনের (৫০) সঙ্গে প্রতিবেশী আনিছুর রহমানের (৪৫) দেড় একর কৃষিজমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ওই বিরোধপূর্ণ জমি চাষ করে কয়েকজন শ্রমিক নিয়ে আমন ধানের চারা লাগাতে যান আনিছুর রহমান। এ সময় বোরহান উদ্দীন লোকজন নিয়ে এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষের ঘটনায় পাঁচ ব্যক্তি আহত হন। গুরুতর আহত ফজলে রহমানকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। অপর আহত আনিছুর রহমান, তাঁর (আনিছুর) স্ত্রী মরিয়ম বেগম (৪০), বড় ভাই জুয়েল রানা (৫০), ছেলে নয়ন ইসলামকে (২০) ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দেড় একর কৃষিজমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, নিহত ফজলে রহমানের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল মঙ্গলবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোরহান উদ্দীনের ভাতিজা নজর আলীকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।