জমির বিরোধ, প্রাণ গেল কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির বিরোধে চুয়াডাঙ্গায় আশাব উদ্দিন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাগান পাড়ায়।

নিহত কৃষকের ছোট ছেলে শরীফ হোসেন অভিযোগ করেন, প্রতিবেশী ইকরামুলের সঙ্গে দুই বিঘা জমির মালিকানা নিয়ে তাদের বিরোধ চলছিল। আজ দুপুরে ইকরামুল ও তার অনুসারীরা আপস-মীমাংসার কথা বলে তাঁদের বাবা ও দুই ভাইকে কৌশলে বাগান পাড়ায় ডেকে নিয়ে যায়। এরপর বাগান পাড়ায় ইকরামুলের চাচা সদর উদ্দিনের বাড়িতে বসে জমিজমা নিয়ে আলোচনা শুরু করে। আলোচনার একপর্যায়ে ইকরামুল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ওই হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।
হামলায় আশাব উদ্দিনের দুই ছেলে আরিফ হোসেন (৩০) ও শরীফ হোসেনকে (২৫) কুপিয়ে আহত করা হয়। হতাহতদের বাড়ি একই গ্রামের বরাই পাড়ায়।
সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আশাব উদ্দিনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার (জেলা সদর দপ্তর) আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।