জমির বিরোধ, লাঠির আঘাতে নিহত ১

জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার কালীগঞ্জে ভাইদের লাঠির আঘাতে এক ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার বন্দকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম মাসুদুর রহমান (২৭)। তিনি বন্দকাটি গ্রামের মোনায়েম হোসেন গাজীর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোনায়েম হোসেন গাজীর ভাই মোয়াজ্জেম হোসেন গাজী, আব্দুল আজিজ গাজী ও আজিজের ছেলে আশরাফ হোসেন গাজী।
নিহত ব্যক্তির স্ত্রী রেশমা খাতুন জানান, বন্দকাটি গ্রামের মোনায়েম গাজীর সঙ্গে তাঁর ভাই মোয়াজ্জেম, আজিজ ও মোকাররমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চাচাতো ভাই আতিকুলসহ কয়েকজন মোনায়েম গাজীর ছেলে মাসুদুর হোসেনের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। তাঁকে ঠেকাতে গিয়ে আহত হন মাসুদুর রহমানের বোন শারমিন ও তিনি। গুরুতর অবস্থায় মাসুদুরকে প্রথমে কালীগঞ্জ ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোনায়েম হোসেন গাজী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।