জমির বিরোধ, সাবেক চেয়ারম্যানের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির বিরোধ নিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরী আহত হওয়ার ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইউনুছের ভাই মো. ছরওয়ার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মগনামা ইউপির বর্তমান চেয়ারম্যান শরাফত উল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, উপজেলার উজানটিয়া ও মগনামা এলাকা থেকে সোনালী কার্গো লজিস্টিক লিমিটেড ৪২০ একর জমি কেনে। প্রতিষ্ঠানটির পক্ষ হয়ে ওই সব জমি দেখাশোনা করেন মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ। গতকাল শনিবার সকালে ইউনুছ চৌধুরী লোকজন নিয়ে কালারপাড়ার লবণ মাঠে গিয়ে শ্রমিকদের তুলে দেন। ওই সময় শ্রমিকদের লবণ, লবণ চাষের পলিথিন ও পানি সেচের যন্ত্র নষ্ট করে দেয় তাঁর লোকজন। এতে ক্ষিপ্ত হন শ্রমিক ও শরাফতের লোকজন। বিকেলে তাঁরা কালারপাড়া গিয়ে ইউনুছ চৌধুরীকে ধরে বেদড়ক মারধর করে। এ সময় তাঁর বসতঘরেও হামলা চালানো হয়। হামলা চলাকালীন দুই পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

ইউনুছের আত্মীয়স্বজন বলেন, ইউনুছের অবস্থা গুরুতর। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরাফতের নেতৃত্বেই ইউনুছের ওপর হামলা করা হয়।

তবে শরাফত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ইউনুছ লোকজন নিয়ে শ্রমিকদের তুলে দিয়ে লবণ মাঠ দখলের চেষ্টা করেছেন। শ্রমিকেরাই তাঁকে গণধোলাই দিয়েছে। ওই সময় আমি সেখানে ছিলাম না। অথচ মামলায় আমাকে আসামি করা হয়েছে। আমি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানাচ্ছি।’

১০ মাস আগে সাবেক চেয়ারম্যান ইউনুছ চারটি অস্ত্র নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় গেলে আওয়ামী লীগের একটি পক্ষ গত শুক্রবার মগনামা উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে সংবর্ধনা দেয়। তবে গত ইউপি নির্বাচনে ইউনুছ চৌধুরী জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, আহত ইউনুছের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে মামলা করা হয়। কেউ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না হলে তদন্তের সময় বাদ দেওয়া হবে।

ওসি বলেন, ঘটনায় জড়িত থাকায় আনছার উদ্দিন (৪৩) ও জহির আলম (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।