জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামে ছোট ভাই পিটিয়ে হত্যা করলেন বড় ভাইকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও কুলাউড়া থানা সূত্রে জানা যায়, ভূঁইগাঁওয়ের মৃত কাদির বক্সের বড় ছেলে আবদুল বাছিত (৬২) ও ছোট ছেলে আবদুস শহীদের (৩৫) মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আজ সকাল সাড়ে সাতটায় বড় ভাই আবদুল বাছিত বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এ অবস্থায় ছোট ভাই আবদুস শহীদের পিটুনিতে বড় ভাই বাছিত গুরুতর আহত হন। আহত অবস্থায় আবদুল বাছিতকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া সরেজমিন তদন্তে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ভূঁইগাঁও গ্রামে যাচ্ছে।
কুলাউড়া থানার এসআই সাব্বির আহমদও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর নিহত ব্যক্তির পরিবার থেকে অভিযোগ দিলে তাঁরা সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।