জমির ভাগাভাগি নিয়ে আশুলিয়ায় তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির ভাগবাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার দুর্গাপুর গ্রামে মনির মণ্ডলকে হত্যা করা হয়েছে। পুলিশের একাধিক কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
আশুলিয়া থানা-পুলিশ ও পরিবারের সদস্যসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরের বাবা ও চাচারা পাঁচ ভাই। এলাকায় তাঁদের ২২০ বিঘা জমি রয়েছে। মাস খানেক হয় সব জমি মাপজোক করে ভাগবাঁটোয়ারা করা হচ্ছিল। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৭০ বিঘা জমির বণ্টন নিষ্পত্তি হয়। গতকাল শনিবার বাকি ৫০ বিঘা জমির বাঁটোয়ারা নিষ্পত্তি হওয়ার কথা ছিল। এই ৫০ বিঘা জমির বণ্টন নিয়েই চাচাদের সঙ্গে মনিরের বিরোধ সৃষ্টি হয়।
মনিরের খালাতো ভাই ইমরুল শিকদার ও ফুফাতো ভাই ইসলাম সরকারসহ প্রতিবেশীরা বলেন, বণ্টন শেষ হওয়ার আগেই গত বুধবার মনির তাঁর পুরোনো বাড়ি থেকে তিনটি আমগাছ কেটে ফেলেন। এতে ক্ষিপ্ত হন তাঁর চাচা হযরত আলীর ছেলে হানিফ, আলী ও রুমা এবং ফজলুল হকের ছেলে মুকুল ও সৈকত। এর এক দিন পরই গত শুক্রবার রাতে মনিরকে গলা কেটে হত্যা করা হয়।