
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার কৃষিজমি থেকে গভীর করে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পাশের রাস্তা হুমকির মুখে পড়েছে।
গত রোববার (১০ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, ট্রাকে মাটি আনা-নেওয়া করতে ক্যানালঘাট এলাকায় মরা পদ্মা নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তা দিয়ে দুটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) নিয়ে সাহা ব্যাপারীপাড়ার (স্থানীয় জৈনার চক) জমিতে বসিয়েছে চক্রটি। কৃষিজমি থেকে ২০-৩০ ফুট গভীর করে মাটি কেটে ট্রাকে করে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিদিন এখান থেকে অন্তত ১০০ থেকে ১২০ ট্রাক মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও বসতভিটায়। সাহা ব্যাপারীপাড়া রাস্তার পাশের জমি থেকেও গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে রাস্তাটি রক্ষা করা মুশকিল হয়ে পড়বে। এ ছাড়া গভীর করে মাটি কাটায় কৃষিজমিও নষ্ট হচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে ওই চক্রের কাছে জমির মাটি বিক্রি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে হোসেন মণ্ডলপাড়ার এক কৃষক বলেন, ‘তাঁর ছয় বিঘা কৃষিজমি রয়েছে। উঁচু জমিতে টমেটো, বেগুন, গম, মরিচ এবং নিচু জমিতে বোরো ধানের ভালো ফলন হয়। পাশে তালেব নামের এক কৃষকের জমিতে ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কাটায় তাঁর জমি ভাঙতে থাকে। খালেক সরদার, বাবু ব্যাপারী, শহিদ ব্যাপারীসহ কয়েকজন প্রতি বিঘা জমির জন্য ৮০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয়। জমি না দিলে ক্ষতির মুখে পড়বেন বলে তাঁরা হুমকি দেন। বাধ্য হয়ে মাটি কাটতে দিই।’ ওই কৃষকের এক ছেলে বলেন, বাবু ও শহিদ ব্যাপারী ২০ হাজার টাকা দিয়ে মাটি কাটা শুরু করেন। তাঁরা এখনো বাকি টাকা দেননি। তাঁদের মতো স্থানীয় মোহন মণ্ডলের ছয় বিঘা, রশিদ প্রামাণিকের চার বিঘা, মুসা সরদারের চার বিঘা জমির অর্ধেকই নষ্ট হয়েছে। অবশিষ্ট জমি থেকেও মাটি কাটা হবে বলে তাঁদের জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে খালেক সরদার ও শহিদ ব্যাপারী বলেন, ‘ফসল তেমন হয় না বলে বর্তমানে ফজের মণ্ডল, বারেক মণ্ডল, তারেক মণ্ডল, লুৎফরের জমি থেকে মাটি কাটছি। বর্ষায় আবার গর্ত ভরাট হয়ে যাবে।’ প্রতিদিন ১০ ঘণ্টা মাটি কাটার যন্ত্র চললে প্রায় ৩ হাজার ৫০০ টাকার তেল ও চালককে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়। দিনে ৬০ থেকে ৭০ ট্রাক মাটি বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে বাবু ব্যাপারী বলেন, মাটি বিক্রি করে ফসলের কয়েক গুণ বেশি টাকা পাওয়া যায়। তিনি নিজের ১২ বিঘা জমি থেকে মাটি কাটছেন। তিনি প্রতিদিন ৫০ থেকে ৬০ ট্রাক মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন।
দৌলতদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, রাস্তার পাশের কৃষিজমি থেকে মাটি কাটায় এতে অনেক ক্ষতি হচ্ছে। এটা দ্রুত বন্ধ হওয়া দরকার। চেয়ারম্যান দেশে ফিরলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল বলেন, উর্বর কৃষিজমি থেকে এভাবে মাটি কাটা ঠিক নয়। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন। এই ক্ষতি সহজে পূরণ হয় না। দ্রুত মাটি কাটা বন্ধ করা দরকার।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, মাটি কাটার অভিযোগ পেয়ে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহ আলম মিয়াকে তা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।